পছন্দের গান নিয়ে বললেন পলক

২৩ জানুয়ারি, ২০২০ ১২:১৯  
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর প্রিয় গানের অন্যতম আমেরিকার রক ব্যান্ড অ্যারোস্মিথ এর ‘ড্রিম অন ড্রিম অন’। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওরাকল বাংলাদেশ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সে কথাই জানালেন তিনি। অনুষ্ঠানে তাকে বক্তব্য দেয়ার আমন্ত্রণের সময় এই গানের কলি বাজিয়েই মঞ্চে আমন্ত্রণ জানানো হয় তাকে। এসময় বর্ণিল আলোর বিচ্ছুরণে স্নাত হয়ে মঞ্চে ওঠেন পলক। গান শেষ না হওয়া পর্যন্ত মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকেন প্রতিমন্ত্রী। আলোর সাথে সাথে খুশির আবহ ছড়িয়ে পড়ে চিবুক জুড়ে। আয়োজকদের গানটি বাজানোর জন্য ধন্যবাদ জানান। বলেন,“ ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় এই গানটি বাজানোর জন্য। কেননা অ্যারোস্মিথের এই ড্রিম ড্রিম অন গানটি শুধু বিখ্যাতই নয়; এটি আমার অন্যতম পছন্দের গান। গানটির সঙ্গে আমার এটি স্মৃতিও রয়েছে। ২০১৪ সালে আমি সিলিকনভ্যালিতে অনুষ্ঠিত ওরাকলের ওপেন ওয়ার্ল্ড সম্মেলনে যোগ দিয়েছিলাম। সেখানে অ্যারোস্মিথ এই গানটি পরিবেশন করেছিলো। আমার সৌভাগ্য হয়েছিলো তাদের সঙ্গে পারফর্ম করার।”